ঢাকা (রাত ২:৩২) বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : মানববন্ধনে গ্রামবাসীর বিচার দাবি

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার রাত ০৮:১৬, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে গৃহবধূ কৌশিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামের প্রধান বাড়ির সামনে উঠান বৈঠক শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৌশিয়া আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ডালিম বলেন,

“আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। একটি নিরীহ মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, দ্রুত প্রকৃত ঘটনা বের করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।”

সমাজসেবক মোহাম্মদ সোহেল প্রধান বলেন,

“এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য লজ্জাজনক। আমরা চাই, তদন্ত যেন নিরপেক্ষ ও দ্রুত হয়। দোষীরা যেই হোক, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”

গ্রামের বাসিন্দা নুরল আমিন বলেন,

“ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে গেছে, এতে সন্দেহ আরও জোরালো হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

আরেক বাসিন্দা সফিকুল ইসলাম বলেন,

“এটি আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা—এমনটাই আমাদের বিশ্বাস। সঠিক তদন্তের মাধ্যমে সত্য বের করে আনতে হবে এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার দিতে হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে কৌশিয়া আক্তার (২৪) রহস্যজনকভাবে মারা যান। তিনি স্থানীয় মো. সাব্বির মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন রাতেও ঝগড়ার একপর্যায়ে কৌশিয়াকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

ঘটনার পর অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT