মেঘনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফের মতবিনিময় সভা
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
রবিবার দুপুর ০৩:৪২, ৮ মার্চ, ২০২৬
কুমিল্লার মেঘনা উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা-১ (মেঘনা–দাউদকান্দি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
মতবিনিময় সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের সেবার মান আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয় অপরিহার্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বক্তব্যে স্থানীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


