‘পায়রা’ ভবন ভাঙার সঙ্গে সম্পৃক্ত নই, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান ইউএনওর
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
শুক্রবার সকাল ০৮:৩২, ২৪ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসভবন ‘পায়রা’ ভবন ভাঙা ও ভবনের মালামাল বিক্রির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। শুক্রবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ‘উপজেলা প্রশাসন দাউদকান্দি’ একটি ফেসবুক আইডি থেকে তিনি একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি জানান, ২০২৫ সালের ১৪ আগস্ট দাউদকান্দি উপজেলায় যোগদানের পর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যক্তিগত প্রয়োজনে শুক্রবার ও শনিবার ঢাকায় অবস্থান করেন। ওই সময়ে কে বা কারা ‘পায়রা’ ভবনটি ভেঙেছে, সে বিষয়ে তার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা নেই। একইভাবে ভবনটি ভাঙা কিংবা এর ভেতরে থাকা কোনো মালামাল বিক্রির সঙ্গেও তিনি কোনোভাবে জড়িত নন বলে উল্লেখ করেন।
ইউএনও আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তরা ভবনটিতে অগ্নিসংযোগ করে। তিনি দাউদকান্দিতে যোগদানের পর বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে ২০২৬ সালের জুলাই মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নাছরীন আক্তার বলেন, কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। একই সঙ্গে তিনি দাউদকান্দিবাসীর প্রতি গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে মতামত গঠনের আহ্বান জানান।



