নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: আইসিসির বড় ঘোষণা
আরিফুল ইসলাম
মঙ্গলবার দুপুর ০১:৩২, ১৪ এপ্রিল, ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এই ঘোষণা দেয়।
আইসিসি জানিয়েছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার এবং রানার্স-আপ পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।
ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। প্রতিটি দলই অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার প্রাইজমানি নিশ্চিতভাবে পাবে। পাশাপাশি গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে ৩১ হাজার ১৫৪ ডলার পুরস্কার।
আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এই আসর। টুর্নামেন্ট শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ৬০ দিন।
আইসিসি’র প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা জানান, নারীদের ক্রিকেটে ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সমতা নিশ্চিত করার লক্ষ্যেই প্রাইজমানি বাড়ানো হয়েছে।


