দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
মঙ্গলবার বিকেল ০৪:২০, ২৩ জুন, ২০২৬
দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা ২৩ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দাউদকান্দি পৌরসভা সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা ও বাজেট-পরবর্তী আলোচনা সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং রাজস্ব ব্যয় ১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা।
এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেদওয়ান ইসলাম বলেন, “জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই দাউদকান্দি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। পৌরবাসীর প্রত্যাশা পূরণে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠনে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের করের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
তিনি আরও বলেন, “উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে জনগণের মতামত গ্রহণ এবং তাদের কাছে পৌরসভার আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা ও অংশীদারিত্ব প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম,সহকারী প্রকৌশলী এইচ. এম. কামরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা এবং কার্য সহকারী মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে বাজেট ঘোষণা-পরবর্তী উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করলে সেগুলোর জবাব দেন পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।


