দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
রবিবার দুপুর ০৩:৩৭, ১০ মে, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারীর নির্দেশনায় এসআই (নি.) তানভীর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাউদকান্দি থানাধীন দোনারচর এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে দোনারচর এলাকার নাজমা ভিলার সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. সেন্টু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দোনারচর (৬নং ওয়ার্ড), দাউদকান্দি পৌরসভার বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল কাদির।
এ সময় তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৯ মে) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী ।


