দাউদকান্দিতে মুচি সম্প্রদায়ের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার রাত ১১:০৬, ৩০ জুলাই, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে মুচি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরেজমিনে গিয়ে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দাউদকান্দি পৌরসভার বাজার এলাকায় গিয়ে তিনি মুচি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের জীবন-জীবিকা, বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ে অবগত হন।
ড. মারুফ হোসেন উপস্থিত সবার উদ্দেশে বলেন, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। তিনি মুচি সম্প্রদায়ের সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতায় আন্তরিক থাকার কথা জানান।
এ সময় মুচি সম্প্রদায়ের সদস্য স্বপন বলেন, “আমাদের খোঁজখবর নিতে খুব কম মানুষই আসেন। ড. মারুফ হোসেন আমাদের কাছে এসে কথা বলেছেন, আমাদের সমস্যার কথা শুনেছেন। এতে আমরা অনেক আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি। তিনি যেভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের সহযোগিতা করবেন।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা ড. মারুফ হোসেনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।



