দাউদকান্দিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার সকাল ১১:৫০, ২৫ জুন, ২০২৬
দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার বলেন, “শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচি সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “অপুষ্টিমুক্ত ও সুস্থ প্রজন্ম গঠনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত কার্যকর। কোনো শিশু যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিক।
এছাড়া উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট বিল্লাল হোসেন এবং স্বাস্থ্য পরিদর্শক আল-আমিন ভূঁইয়া।
বক্তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


