ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে গ্যাসহীন ৪৮ ঘণ্টা, চরম দুর্ভোগে পৌরবাসী

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শুক্রবার বিকেল ০৫:২৬, ১৪ আগস্ট, ২০২৬

চুলায় আগুন নেই, হাঁড়িতে ভাত নেই। রান্নাঘরের নিস্তব্ধ চুলার সামনে অসহায় হয়ে বসে আছেন গৃহিণীরা। কেউ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন, আবার কেউ লাকড়ির চুলায় কোনো রকমে রান্না করে পরিবারের ক্ষুধা মেটাচ্ছেন। এভাবেই টানা প্রায় ৪৮ ঘণ্টা ধরে গ্যাসহীন অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকালের পর আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর বৃহস্পতিবার পুরো দিন পার হলেও গ্যাসের দেখা মেলেনি। শুক্রবার দুপুর পর্যন্তও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহিণীরা। গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোতে রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে গেছে।

অনেক পরিবার বাধ্য হয়ে শুকনো খাবার, মুড়ি-চিড়া কিংবা বাইরে থেকে কেনা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। আবার সামর্থ্য ও সুযোগ থাকা কেউ কেউ লাকড়ির চুলা জ্বালিয়ে রান্নার চেষ্টা করছেন। তবে নগরজীবনে হঠাৎ করে বিকল্প জ্বালানির ব্যবস্থা করাও অনেকের জন্য হয়ে উঠেছে কঠিন।

একজন ভুক্তভোগী গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্যাস না থাকায় ঘরে রান্না করতে পারছি না। ছোট-বড় সবাইকে নিয়ে খুব কষ্টে আছি। কখন গ্যাস আসবে, সেটাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না।”

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাউদকান্দি শাখার ইনচার্জ প্রকৌশলী অম্লান দত্তের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

এদিকে গ্যাস না থাকায় স্থানীয় হোটেল রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অতিরিক্ত খরচ কিংবা দাম বাড়তির অভিযোগ করে — ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন।

 

৫ নং ওয়ার্ডের বাসিন্দা নুরল আমিন জানান, গ্যাস না থাকায় বাসায় রান্নাবান্না হয় না। তাই বাড়তি দামে দুদিন হলো হোটেলে খাই। জানিনা কবে গ্যাস আসবে। তবে অন্তত দিনে ২ ঘন্টা হলেও গ্যাস দেওয়া উচিত। যাতে জরুরি গৃহস্থালি কাজ করা যায়।

তবে গ্যাস সংকটের কারণ জানিয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাসে স্বল্পচাপ ও স্বল্পতা বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—‘সাময়িক’ অসুবিধা যদি টানা ৪৮ ঘণ্টা ধরে চলে, তাহলে সাধারণ মানুষের এই দুর্ভোগের শেষ কোথায়?

গ্যাসের অপেক্ষায় প্রতিটি সকাল-দুপুর-রাত পার করছেন দাউদকান্দির মানুষ। চুলায় আগুন জ্বলার অপেক্ষায় আছে অসংখ্য পরিবার, আর সেই অপেক্ষার সঙ্গে বাড়ছে ক্ষোভ, উৎকণ্ঠা ও দুর্ভোগ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT