দাউদকান্দিতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বৃহস্পতিবার রাত ১১:১২, ৩০ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। তিনি তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত দায়িত্ব। মাদক ও অপরাধ দমনে রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনসাধারণের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


