ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড : মাদককে ‘না’ বলে দেশপ্রেমের শপথ শিক্ষার্থীদের

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার রাত ০৯:৫০, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে কুমিল্লার দাউদকান্দির শিক্ষার্থীরা। এক হাতে সবুজ গাছের চারা এবং অন্য হাতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড উঁচিয়ে তারা মাদক ও সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠন, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ নিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ, সচেতনতামূলক আলোচনা সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম সরকারের সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র দেবনাথ, শিক্ষক তফাজ্জল হোসেন সরকার, শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক হযরত আলী মুন্সী, নিসচা দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ণ বণিক, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, মালিগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিল্লাল হোসেন, সংগঠক রেদোয়ান আহমেদ, দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, শাকিল, হিমেল প্রমুখ।

পরে প্রধান অতিথি হিসেবে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শপথ পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্য শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী, সামাজিক সচেতনতামূলক ও দেশপ্রেমমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

তিনি আরও জানান, সারাদেশে সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ পর্যন্ত প্রায় ৬ লাখ ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবেশ রক্ষা, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রত্যয় ব্যক্ত করে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT